ভারতের নাগরিকত্ব আইনের সমর্থন করে বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত বলেছেন, প্রতিবাদের নামে যেভাবে প্রতিদিন বিক্ষোভ হচ্ছে রাস্তাঘাটে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে এবার।
সোমবার মুক্তি পেয়েছে কঙ্গনা অভিনীত ‘পাঙ্গা’। নারী ক্ষমতায়ন নিয়ে প্রশ্ন তোলা সিনেমার কেন্দ্রীয় চরিত্রে একজন কাবাডি খেলোয়াড়ের ভূমিকায় অভিনয় করেছেন নায়িকা। সেই ট্রেলার প্রকাশের অনুষ্ঠানের মঞ্চ থেকেই বিরোধীদের একহাত নিলেন কঙ্গনা।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদের নামে যে দেশজোড়া বিক্ষোভ চলছে, তা মোটেই সমর্থনযোগ্য নয়।’
‘কে অধিকার দিয়েছে ওদের, বাস জ্বালাতে, ট্রেন পোড়াতে? এক একটি বাসের দাম প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকা। তাই বাস ভাঙচুর করে, ট্রেন পুড়িয়ে কোনও লাভ নেই। বরং ক্ষতি হচ্ছে সরকারি সম্পত্তির।’
কঙ্গনার মন্তব্যের পালটা দিয়েছেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়া। কঙ্গনাকে একহাত নিয়ে মনীশ টুইট করেন, ‘সামান্য নুন কিনতে গেলেও দেশের দিন আনা দিন খাওয়া শ্রমিকেরা ট্যাক্স দেন। এমনকি, সিনেমা দেখতে গিয়েও ওদের ট্যাক্স দিতে হয়। যা থেকেই আয় করেন অভিনেতা-অভিনেত্রীরা। তাদের নিয়ে কথা বলার আগে দুইবার ভাবা উচিত।’
