এবারের বিপিএলে দ্বিতীয় সেঞ্চুরিয়ান মালান

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ০৮:৫১ পিএম

তিন দিন আগে বঙ্গবন্ধু বিপিএলে প্রথম সেঞ্চুরি উপহার দিয়েছিলেন সিলেট থান্ডারের আন্দ্রে ফ্লেচার। এবার দর্শকরা দ্বিতীয় সেঞ্চুরি পেল কুমিল্লা ওয়ারিয়র্সের ডেভিড মালানের ব্যাট থেকে।

কুমিল্লার এই ইংলিশ ওপেনার মঙ্গলবার অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেছেন। তার ব্যাট ভর করে রাজশাহী রয়্যালসকে ১৭১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে কুমিল্লা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাতের ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমেছিল কুমিল্লা। মালান শুরু থেকেই ছিলেন মারমুখী। অন্য প্রান্ত থেকে কেউই তাকে সেভাবে সহায়তা করতে পারেননি। আর এ কারণেই কুমিল্লার ইনিংসে নেই কোনো বড় জুটি।

কিন্তু মালান এক প্রান্তে অবিচল থেকে খেলে গেছেন। ৩৩ বলে ফিফটি পূরণ করেন, সেঞ্চুরি পূরণ করেন ৫৪ বলে। শেষ পর্যন্ত তার ৫৪ বলে ১০০ রানের অপরাজিত ইনিংসে ছিল ৯ চার ও ৫ ছক্কা। কুমিল্লা ৮ উইকেট হারিয়ে পায় ১৭০ রানের পুঁজি।

গত শনিবার সিলেট থান্ডারের ক্যারিবিয়ান ওপেনার অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলেন। ৫৭ বলে ১১ চার ও ৫ ছক্কায় নিজের ইনিংস সাজিয়েছিলেন তিনি।

এবারের আসরে আরো দুটি সেঞ্চুরির সম্ভাবনা জাগলেও শেষ পর্যন্ত হয়নি। কুমিল্লা ওয়ারিয়র্সের ভানুকা রাজাপক্ষে একদিন আগেই ঢাকা প্লাটুনের বিপক্ষে খেলেছিলেন অপরাজিত ৯৬ রানের ইনিংস।

এ ছাড়া মুশফিকুর রহিমও খেলেছিলেন একটি ৯৬ রানের ইনিংস। ১৭ ডিসেম্বর ঢাকায় রাজশাহীর বিপক্ষে ৯৬ রান করেন খুলনা টাইগার্সের অধিনায়ক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত