চল্লিশ মিনিটেই সৌরভ আমার মন জিতে নেয়: সাকলাইন

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ০৭:৪২ পিএম

চার জাতির সুপার সিরিজ আয়োজনের কথা বলে পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফের রোষানলে পড়েছেন সৌরভ গাঙ্গুলি। ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতির এই পরিকল্পনা সফল হবে না বলেই এক রকম ঘোষণা দিয়েছেন তিনি। রশিদ লতিফ যখন সৌরভের এক সিদ্ধান্তে চটেছেন, তখন আরেক পাকিস্তানি তারকা সাকলাইন মুশতাক মুগ্ধতা প্রকাশ করেছেন সেই সৌরভকে নিয়েই।

মঙ্গলবার নিজের ইউটিউব চ্যানেলে সৌরভকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন সাকলাইন। যেখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির ভূমিকায় থাকা সৌরভের ভূয়সী প্রশংসা করেন। তুলে ধরেন খেলোয়াড়ি জীবনের একটি গল্প।

পাকিস্তানি স্পিন কিংবদন্তি বলেন, ‘যখন ভারত ইংল্যান্ড সফর করছিল, আমি সাসেক্সের হয়ে খেলছিলাম। তারা সাসেক্সে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলছিল। সৌরভ অবশ্য ওই ম্যাচে ছিল না। সাসেক্স টস জিতে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। খুব সম্ভবত এটা ২০০৫-০৬ এর ঘটনা। আমাকে তখন দুই হাঁটুতেই অস্ত্রোপচার করাতে হয়েছিল।’

‘৩৬-৩৭ সপ্তাহ আমাকে বেডে থাকতে হয়েছিল। আমি খুবই হতাশায় ভুগছিলাম। সেই অস্ত্রোপচারের পর আমি মাঠে ফিরেছিলাম। সৌরভ ওই ম্যাচ দেখতে এসেছিল (খেলছিল না)। সাসেক্স যখন ব্যাট করছিল, সৌরভ আমাকে ব্যালকনি থেকে দেখছিল। আমি তাকে দেখতে পাইনি, কারণ আমাদের ড্রেসিংরুম ছিল অন্য অভিমুখী। সৌরভ এরপর আমাদের ড্রেসিং রুমে আসে।’

সাকলাইন বলেন, ‘আমাকে সে এক কাপ কফি অফার করে। আমার হাঁটুর খোঁজ নেয়, পরিবার, জীবন সম্পর্কে জানতে চায়। সে আমার সঙ্গে ৪০ মিনিট বসেছিল এবং আমার হৃদয় জিতে নিয়েছিল।’

সৌরভকে ভারতের একজন সফল অধিনায়ক উল্লেখ করে সাকলাইন আশা প্রকাশ করেছেন, বিসিসিআই সভাপতি হিসেবেও সফল হবেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত