ঢাকা সিটি নির্বাচন

কাউন্সিলর পদে বিএনপির ১৩৪ জন নিলেন মনোনয়নপত্র

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ০১:০০ এএম

দলীয় মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিন গতকাল বুধবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে বিএনপির ১৩৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ঢাকা উত্তরে ৭৪ জন, যার মধ্যে ১০ জন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে এবং দক্ষিণে ৬০ জন, যার মধ্যে ৫ জন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।

ঢাকা মহানগর বিএনপি উত্তর দপ্তর সম্পাদক এ বি এম রাজ্জাক এবং দক্ষিণের দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু দেশ রূপান্তরকে জানান, গতকাল সকাল ১০টা থেকে উত্তর বিএনপির মনোনয়নপত্র বিতরণ করা হয়। দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত দক্ষিণের মনোনয়ন বিতরণ করা হয়। আজ বৃহস্পতিবার বেলা ১০টা থেকে এই কার্যক্রম যথারীতি চলবে এবং যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা জমা দেবেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের আজ বৃহস্পতিবার মনোনয়ন ফরম বিতরণ করা হবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম নিতে হবে। আগামীকাল শুক্রবার বিকাল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। এরপর নীতিনির্ধারকরা যাচাই-বাছাই করে দলীয় প্রার্থী চূড়ান্ত করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত