বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) একটি প্রতিনিধিদল হবিগঞ্জের মাধবপুর এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠা শিল্পকারখানা থেকে স্থানীয় খাল-নদী-জলাশয় দূষণের চিত্র পরিদর্শন করেছে। এ সময় তারা বলেন, এই দূষণ নিয়ন্ত্রণে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায়নি। এ এলাকার শিল্পদূষণ নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হতে হবে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক শরীফ জামিলের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক খোয়াই রিভার ওয়াটার কিপার তোফাজ্জল সোহেল, অধ্যাপক নাসরিন হক, সাবেক ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম মনু, ডা. আলী আহসান চৌধুরী পিন্টু, আবদুল কাইযুম প্রমূখ।
বাপার নেতারা মার লিমিটেড, সায়হাম কম্পোজিট নিট লিমিটেডসহ অন্যান্য ফ্যাক্টরির অপরিশোধিত বর্জ্য পার্শ্ববর্তী খালে ফেলা হচ্ছে দেখতে পান। স্থানীয়রা জানান, অপরিশোধিত বর্জ্য বিভিন্ন খাল থেকে ছোট ছোট নদী হয়ে মেঘনা নদী পর্যন্ত দূষণ ছড়াচ্ছে।
