বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি ২০২০-২০২২ কার্যকালের জন্য এ পদের জন্য নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার জামায়াতের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তাকে দলের সেক্রেটারি জেনারেল হিসাবে শপথ বাক্য পাঠ করান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ২০০১ সালে ১ অক্টোবর অনুষ্ঠিত ৮ম জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসন (ফুলতলা ও ডুমুরিয়া) নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে জড়িত। ১৯৭৪ সালে তিনি জাসদ ছাত্রলীগে যোগদান করেন।
১৯৭৭ সালের শেষার্ধে ইসলামী আন্দোলনের দাওয়াত পেয়ে তিনি ইসলামি আদর্শভিত্তিক ছাত্ররাজনীতিতে শরিক হন। এরপর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে জড়িত হন এবং তিনি বিভিন্ন মেয়াদে ইসলামী ছাত্রশিবিরের ফুলতলা থানা সভাপতি, খুলনা সদর থানা সভাপতি, বিএল কলেজ সভাপতি, কমার্স কলেজ সভাপতি এবং ১৯৮৪-৮৫ সেশনে খুলনা মহানগরীর সেক্রেটারির দায়িত্ব পালন করেন।
১৯৯৬-২০১১ সাল পর্যন্ত খুলনা মহানগরী জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ সালের এপ্রিল থেকে ২০১৬ সালের নভেম্বর পর্যন্ত জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন।
২০১৬ সালের নভেম্বর থেকে তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমিরের দায়িত্ব পালন করছেন এবং ২০১৭ সালের জানুয়ারি থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন।
