ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাইফুদ্দিন মিলন ও আলমগীর লোটন।
বৃহস্পতিবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় সংসদে বিরোধীদলীয় উপনেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, সরকার, নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন চাইলেও সব সময় অবাধ, সুষ্ঠু নির্বাচন নাও হতে পারে। এখন আমাদের মতো তৃতীয় বিশ্বের রাষ্ট্রের ক্ষেত্রে এটাই বাস্তবতা। এমন সমস্যায় প্রার্থীদের উচিত মোকাবিলা করা।
জিএম কাদের আরও বলেন, ‘কাউন্সিলর পদে আমরা দলীয় মনোনয়ন দিতে পারব না। তবে তাদের সেভাবে ঘোষণা দেওয়া হবে। কাল-পরশুর মধ্যে প্রার্থিতা ঘোষণা করব। যাদের প্রার্থী দেব না তারা যদি ভোট করেন তাহলে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, ২৮ ডিসেম্বর পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দেওয়া যাবে।
