কাজাখস্তানে প্রায় ১০০ যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত ৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বিবিসি জানায়, দেশটির সবচেয়ে বড় শহর আলমাতি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে রাজধানী নুর সুলতানের উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হয়।
দেশটির বেসরকারি মালিকানাধীন বেক এয়ারের ফ্লাইটটিতে ৯৩ যাত্রী ও ৫ জন ক্রু ছিল বলে নিশ্চিত করেছে বিমান সংস্থাটি।
সব যাত্রীর পরিচয় প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যাত্রীদের মধ্যে ৮৫ জন বয়স্ক এবং ৮ জন শিশু।
এখন পর্যন্ত ১৫ জন যাত্রী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে ছয় শিশু রয়েছে।
আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উড্ডয়নের পর পরই বিমানটি একটি ভবনের ওপর আছড়ে পড়ে। দুর্ঘটনার সময় ওই এলাকায় ঘন কুয়াশা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
