কোচিং না করলে মারব, পড়াব না এ মানসিকতা পরিহার করতে হবে: নওফেল

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ০৫:০৫ পিএম

বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোচিং না করলে মারব, পড়াব না এ মানসিকতা পরিহারের আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেন, ক্লাস ও পরীক্ষা চলাকালীন বিদ্যালয়ভিত্তিক কোচিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেবে সরকার।

শুক্রবার নেত্রকোনায় দি হলি চাইল্ড কিন্ডারগার্টেনের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানের উদ্বোধনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এ কথা বলেন।

 তিনি আরো বলেন, কোচিং করার জন্য কোনো শিক্ষার্থীকে বাধ্য করা যাবে না। কোচিং না করলে তাদের মারব, পড়াব না বিদ্যালয়ে এই মানসিকতা আমাদের পরিহার করতে হবে। অর্থাৎ বাণিজ্যিকভাবে বিদ্যালয়ভিত্তিক কোনো ধরনের কোচিং আর যাতে বাংলাদেশে পরিচালিত না হয় সেই ব্যবস্থা নেবে সরকার।

উপমন্ত্রী বলেন, এর জন্য একটি নীতিমালা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত কোচিং সিন্ডিকেট আদালতে মামলা করে দীর্ঘ সাত বছর স্থগিত করিয়ে রেখেছিল। এখন সেই সমস্যা থেকে আমরা মুক্ত হয়েছি। বিদ্যালয়ে কোচিংগুলো আর যাতে পরিচালিত না হয় সেটি আমরা দেখব।

শুক্রবার বেলা ১২টায় পৌরশহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে দি হলি চাইল্ড কিন্ডারগার্টেনের ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন মহিবুল হাসান চৌধুরী নওফেল।

উদ্বোধন শেষে পৌর শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে পুনরায় মোক্তারপাড়া মাঠে এসে শেষ হয়।

পরে মোক্তারপাড়া মুক্তমঞ্চে বিদ্যালয়ের অধ্যক্ষ কামরুন্নেসা আশরাফ দীনার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলমসহ অন্যান্যরা।

আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপমন্ত্রী। দুদিনব্যাপী অনুষ্ঠানে কিন্ডারগার্টেনের পুরোনো কয়েক হাজার শিক্ষার্থীসহ অভিভাবকরা অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত