নির্মাণাধীন ভবন থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু, ৬ শ্রমিক আটক

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ১১:০৭ পিএম

কক্সবাজারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে অজ্ঞাত এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৬ নির্মাণ শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকেল ৩ টার দিকে শহরের তারাবনিয়ারছড়া খুরুশকুল সড়কে এ ঘটনা ঘটে। নিহত যুবকের পড়নে শার্ট-প্যান্ট ও হাতে লাল ফিতা বাঁধা রয়েছে। কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাজাহান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মো. শাহাজাহান কবির জানান, ‘বিকেলের দিকে বিকট শব্দ পেয়ে স্থানীয়রা ওই সড়কে গিয়ে পড়ে থাকা অবস্থায় একজন যুবককে দেখতে পান। তাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত অবস্থায় অজ্ঞাত ওই যুবককে উদ্ধার করে।

তিনি জানান, প্রথমে কোন সড়ক দুর্ঘটনা মনে হলেও পরে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে পুলিশ নিশ্চিত হয় ভবন থেকে ওই যুবক নিচে পড়েছে। এরপর পুলিশ ওই ভবনে অবস্থানরত ৬ নির্মাণ শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শ্রমিকরা নিহত যুবককে চেনেন না বলে জানিয়েছেন। ঘটনার রহস্য জানতে আটককৃতদের আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিহত যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত