এক বছর পর অভিনয়ে ফিরছেন মিমি

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ১১:১২ পিএম

কলকাতার অভিনেত্রী থেকে সাংসদ বনে যাওয়া মিমি চক্রবর্তীকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘মন জানে না’ সিনেমায়। তারপর দীর্ঘ বিরতি। বিশেষ করে লোকসভা নির্বাচন ও সাংসদ হওয়ার কারণে অভিনয় থেকে দূরে ছিলেন মিমি।

এদিকে বিরতি কাটিয়ে আবার বড় পর্দায় ফিরছেন মিমি চক্রবর্তী। ‘ড্রাকুলা স্যার’ সিনেমায় দেখা যাবে তাকে। মিমির বিপরীতে দেখা যাবে অভিনেতা অনির্বাণ চক্রবর্তীকে।

সিনেমাটির পরিচালক দেবালয় ভট্টাচার্য বলেন, ‘ড্রাকুলা স্যার এমন এক বাঙালি ড্রাকুলার গল্প বলবে যার কোনো প্রাসাদ নেই। যে নিজেই নিজের গল্প বানাবে।’

সিনেমায় মিমির চরিত্রটিও অন্যরকম। ছবিতে তার নাম মঞ্জরী। মঞ্জরী একজন বিধবা। মিমিকেই বেছে নিলেন কেন দেবালয়? জবাবে পরিচালক বলেন, ‘মিমি বরাবরই আমার খুব পছন্দের একজন অভিনেত্রী। ওর মধ্যে একটা চাপা বিষাদ লুকিয়ে রয়েছে যা আগে কোনো দিন সেভাবে এক্সপ্লোর করা হয়নি বলে আমার মনে হয়। ছবি নিয়ে আমি খুবই এক্সসাইটেড।’

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে নতুন বছরের জানুয়ারিতে শুটিং শুরু হবে ‘ড্রাকুলা স্যার’-এর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত