নির্ধারিত সময়ের প্রায় আড়াই মাস পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে ¯œাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে গতকাল শুক্রবার। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তিচ্ছুদের জন্য বরিশাল সিটির মেয়র নগরের মধ্যে ১২টি বাসে সেবার ব্যবস্থা করেছেন। তবে বৈরী আবহাওয়ার কারণে অনেক শিক্ষার্থী বিপাকে পড়েন।
গতকাল সকালে অনুষ্ঠিত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৫৬০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেন ১০ হাজার ১০৬ জন শিক্ষার্থী। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘গ’ ইউনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ ২টি কেন্দ্রে ৩০০ আসনের বিপরীতে ৬ হাজার ১২ জন ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। দ্বিতীয় দিন আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ ১২টি কেন্দ্রে ‘ক’ ইউনিটে ৫৮০টি আসনের বিপরীতে ২০ হাজার ৫৬৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা। পরীক্ষা শেষে আগামী ৩০ ডিসেম্বর ফল প্রকাশ করা হবে। এবার বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের ২৪টি বিভাগে ১ হাজার ৪৪০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা ৪৯ হাজার ৯৫৬ জন। প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৫ শিক্ষার্থী। পরীক্ষা শুরুর পরপরই সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। তিনি কেন্দ্র পরিদর্শন করে সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। প্রশ্নপত্র ফাঁস বা ফাঁসের গুজব না ছড়ানোয় সবাইকে ধন্যবাদ জানান তিনি। তবে শীতের সকালের বৃষ্টিতে ভর্তিচ্ছুদের ভোগান্তিতে পড়তে হয়।
