কমলগঞ্জে নিখোঁজ শিশুর লাশ গভীর কুয়ায়

সিরাজগঞ্জে দুই বন্ধু ও ফরিদপুরে স্ত্রীকে হত্যা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ১১:৫৭ পিএম

ফরিদপুরের সালথায় স্ত্রীকে গলা কেটে ও সিরাজগঞ্জ  সদরে তৃতীয় লিঙ্গের বন্ধুকে শ^াসরোধে এবং শাহজাদপুরে কলেজছাত্র বন্ধুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জে গভীর কুয়া থেকে উদ্ধার করা হয়েছে নিখোঁজ শিশুর লাশ। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

সিরাজগঞ্জ : শাহজাদপুরের নরিনা নতুনপাড়া হানিফনগর গ্রামের কলেজছাত্র আশরাফুল ইসলামকে (২০) গত শুক্রবার রাতে তার বন্ধুরা মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে। পরে লাশ পাশের গ্রামের সরিষাক্ষেতে ফেলে পালিয়ে যায় তারা। নিহত আশরাফুল ইসলাম হানিফনগরের কৃষক আজাদ আলীর ছেলে ও সাতবাড়িয়া আবদুস সামাদ আজাদ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিহতের চাচাতো ভাই আবদুল কুদ্দুস জানান, শুক্রবার সন্ধ্যায় আশরাফুল বাড়িতে কাজ করছিলেন। এ সময় তার মোবাইলে কল আসে। এরপর তিনি ‘খেয়াঘাট বটতলা থেকে ঘুরে আসি’ বলে বাড়ি থেকে বের হন। তারপর থেকে নিখোঁজ ছিলেন। গতকাল শনিবার এলাকাবাসীর মুখে খবর পেয়ে তারা এসে আশরাফুলের লাশ সরিষাক্ষেতে পড়ে থাকতে দেখেন। তাদের ধারণা, বন্ধুরা মোবাইল ফোনে তাকে ডেকে নিয়ে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে।

শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, লাশের পাশ থেকে ড্যান্ডি সেবনের আলামত উদ্ধারা করা হয়েছে। প্রেম ও মাদকসংক্রান্ত বিষয় মাথায় রেখে তদন্ত চলছে।

অপরদিকে সিরাজগঞ্জ পৌরসভার গয়লা বটতলা এলাকায় গত শুক্রবার রাতে সুমন খান (৩৬) নামে তৃতীয় লিঙ্গের এক তরুণকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। নিহত সুমন ওই মহল্লার ট্রাকচালক আমজাদ খানের ছেলে।

সদর থানার ওসি আবু দাউদ জানান, শুক্রবার রাতে গয়লা এলাকায় একটি ধর্মীয় জলসা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সুমন তার নিজ ঘরে বন্ধুদের নিয়ে রাতভর আড্ডা দেন। এর একপর্যায়ে তিনি বন্ধুদের হাতে খুন হন বলে তার পরিবারের লোকজন অভিযোগ করেছে।

ফরিদপুর : স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের দরজা পুরুরা গ্রামে। নিহতের নাম শিল্পী বেগম (২২)। তিনি ওই গ্রামের শাহজাহান মোল্যার মেয়ে। ঘটনার পর থেকে স্বামী রানা শেখ পালাতক।

সালথা থানার ওসি আলী জিন্নাহ বলেন, খবর পেয়ে গত শুক্রবার রাত ৮টায় বাড়ির পাশের মাঠ থেকে গলাকাটা লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় রানার এক সহযোগী তুহিন শেখকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে পুলিশে দেয়।

ওসি আরও জানান, শিল্পী বেগম করিম জুটমিলের শ্রমিক ছিলেন। পাঁচ বছর আগে মুকসুদপুর উপজেলার গারলগাতি গ্রামের রানা শেখের সঙ্গে তার বিয়ে হয়। তিন বছর বয়সী তাদের একটি মেয়েশিশু রয়েছে। তারা সালথার ভাওয়াল ইউনিয়নের দরজা পুরুরা গ্রামে বসবাস করছিলেন।

কমলগঞ্জ (মৌলভীবাজার) : কমলগঞ্জে নিখোঁজের দুদিন পর গভীর কূপ থেকে সুমাইয়া আক্তার (১২) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার রহিমপুর ইউপির কালেঙ্গা গ্রাম থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত সুমাইয়া ওই গ্রামের শহীদ মিয়ার মেয়ে।

স্থানীয়রা ঘটনাটি পারিবারিক সহিংসতার কারণে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত