জয়পুরহাট জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম স্বাধীনের বাসায় ককটেল নিক্ষেপ ও গুলি করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার মধ্যরাতে আক্কেলপুর পৌর শহরের নীচা বাজার এলাকায় স্বাধীনের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত ককটেল ও গুলির খোসা উদ্ধার করেছে।
আওয়ামী লীগে নেতার পরিবার ও স্থানীয়রা জানান, বাড়ির সামনের দিক থেকে মুখ বাঁধা অবস্থায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি তার বাসার বেলকনিতে ২টি ককটেল ও ২ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এ সময় ককটেল ২টি বেলকনিতেই বিস্ফোরিত হয় এবং জানালার থাই গ্লাসের অ্যাঙ্গেল একটি এবং ছাদের কার্নিশে একটি গুলি লাগে।
এতে স্বাধীনের পরিবার বা আশপাশের লোকজনের কোনো ক্ষতি না হলেও তাৎক্ষণিকভাবে আতঙ্কের সৃষ্টি হয়। কুয়াশার কারণে বাড়ির সিসি ক্যামেরার ফুটেজে ওই দুর্বৃত্তদের চেহারা চেনা যায়নি।
এ ব্যাপারে আক্কেলপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রহিম স্বাধীন বলেন, থানায় অভিযোগ করা হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাদের চেনা যায়নি।
তিনি আরও বলেন, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে আমি প্রার্থী। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে ভয়ভীতি বা হত্যার উদ্দেশ্যে প্রতিপক্ষরা এমন ঘটনা ঘটাতে পারে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদ বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
