বাম গণতান্ত্রিক জোটের মিছিলে সোমবার রাজধানীর মৎস ভবন এলাকায় লাঠিপেটা করেছে পুলিশ। এতে গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকিসহ কমপক্ষে ৩৬ জন আহত হয়েছেন।
পুলিশের সঙ্গে বাম নেতাকর্মীদের সংঘর্ষের সময় জোনায়েদ সাকিকে চেপে ধরে রাখতে দেখা যায় পুলিশ সদস্যদের। এ রকম দুটি ছবি ফেইসবুকে ভাইরাল হয়।
একাদশ জাতীয় সংসদের বর্ষপূর্তিতে আটটি বাম দলের এই জোট আজ ‘গণতন্ত্রের কালো দিবস’ পালন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
গত বছরের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে দিনটিকে কালো দিবস হিসেবে পালন করছে এই জোট। কর্মসূচির মধ্যে ছিল প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা।
এই জোটে রয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাসদ (মার্ক্সবাদী), গণসংহতি আন্দোলন, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন।

হামলার পর আহত অবস্থায় জোনায়েদ সাকিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বাকি আহতরাও একই হাসপাতালে চিকিৎসা নেন।
