প্রেমে বাধা দেওয়ায় প্রেমিকার বাবাকে গলা কেটে হত্যা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ০৭:৪৬ পিএম

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় প্রেমে বাধা দেওয়ায় ‘প্রেমিকার’ বাবা নজরুল ইসলামকে (৪৫) ডেকে নিয়ে পিটিয়ে ও গলা কেটে হত্যা করেন তরুণ আবদুল মুবিন লিমন (১৮)।

পুলিশের হাতে আটক হওয়ার পর জিজ্ঞাসাবাদে লিমন এমন স্বীকারোক্তি দিয়েছেন বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায়।

বিয়ানীবাজার থানার ওসি অবনি শংকর কর জানান, উপজেলার নন্দিরফল গ্রামের রাজমিস্ত্রি নজরুল ইসলাম গত শনিবার রাতে খুন হন। পরদিন রবিবার রাতে পুলিশ এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে একই উপজেলার লাউতা গ্রামের মুহিব আলীর ছেলে আবদুল মুবিন লিমনকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে লিমন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।

লিমনের স্বীকারোক্তির প্রেক্ষিতে সোমবার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় সংবাদ সম্মেলন করে জানান, রাজমিস্ত্রি নজরুল ইসলামের কিশোরী মেয়ের সঙ্গে লিমনের প্রেমের সম্পর্ক ছিল। এটা জানতে পেরে নজরুল ইসলাম ও তার স্ত্রী লিমনের সঙ্গে তাদের মেয়ের যোগাযোগ বন্ধ করে দেন। এতে লিমন ক্ষিপ্ত হয়।

গত শনিবার রাতে লিমন রাজমিস্ত্রির কাজ দেওয়ার কথা বলে নজরুল ইসলামকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। নজরুল সেখানে পৌঁছামাত্র লিমন কাঠের টুকরো দিয়ে তার মাথার পেছনে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর লিমন ধারালো অস্ত্র দিয়ে নজরুলের গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করে।

লিমনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত