চাঁদপুরের শাহরাস্তিতে চায়ের দোকানে বসে চা খাওয়াকে কেন্দ্র করে রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রাশেদ আহমেদ ওরফে কালু মিয়া (৪৫) একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের চেড়িয়ারা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত রফিক ওই গ্রামের মৃত আশু মিয়ার ছেলে। আটককৃত রফিক একই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
শাহরাস্তি থানার ওসি মো. শাহ আলম জানান, দুপরে জেএসসি পরীক্ষার ফলাফল দেখতে কয়েকজন অভিভাবক চেড়িয়ারা উচ্চ বিদ্যালয়ে যায়। পরীক্ষার ফলাফল দিতে দেরি হওয়ায় তারা স্কুলের সামনের দোকানে চা খেতে বসে। একই সময় দোকানে অপর একটি গ্রুপ বসে চা খাচ্ছিল। এ সময় তাদেরকে দোকান থেকে বের হয়ে যেতে বলেন অভিভাবকরা। কিন্তু তারা বের না হওয়ায় চড়-থাপ্পড় মেরে তাদেরকে দোকান থেকে বের করে দেয়া হয়।
তিনি আরও জানান, এ নিয়ে বিকেলে সালিস হওয়ার কথা ছিল। কিন্তু সালিস না হওয়ায় আটককৃত কালু মিয়াসহ ক্ষিপ্ত একদল যুবক রফিকের বাড়িতে হানা দেয়। এ সময় বাড়িতে রফিককে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে। পরে হাসপাতালে নেয়ার পথে রফিক মারা যায়। এ ঘটনায় সন্ধ্যায় সূচিপাড়া এলাকা থেকে কালু মিয়াকে আটক করা হয়।
