নতুন বছরের শুরুর দিনই চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের রাস্তায় লাখো মানুষের ঢল নামে। বিক্ষোভকারীরা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন বলে জানিয়েছে বিবিসি।
গতকাল বুধবার ধূসর আকাশের নিচে ভিক্টোরিয়া পার্কের সবুজ লনে জড়ো হওয়া আন্দোলনকারীদের বেশিরভাগই কালো পোশাক ও মুখোশ পরে ছিল। বিক্ষুব্ধ তরুণ-বৃদ্ধদের অনেকের হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল ‘স্বাধীনতা বিনামূল্যে মেলে না’।
পূর্ণাঙ্গ গণতন্ত্র, কয়েক মাসের বিক্ষোভে গ্রেপ্তার সাড়ে ছয় হাজার মানুষকে ক্ষমা এবং পুলিশি পদক্ষেপের স্বতন্ত্র তদন্তসহ বিক্ষোভকারীদের দেওয়া পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত হংকংয়ের বাসিন্দারা সন্তুষ্ট হবে না। নতুন বছরের প্রথম দিন হংকংয়ে সরকারবিরোধী বিক্ষোভের আয়োজন করেছে গণতন্ত্রপন্থি গোষ্ঠী সিভিল হিউম্যান রাইটস ফ্রন্ট। গত বছরও এদের বেশ কয়েকটি বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা লাখ ছাড়িয়ে ছিল। বুধবারের বিক্ষোভে গত বছর হংকংয়ের স্থানীয় নির্বাচনে জয়ী গণতন্ত্রপন্থি রাজনীতিকরাও যোগ দেন।
