ভারতকে পরমাণু কেন্দ্রের তালিকা দিয়েছে পাকিস্তান

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ১২:৫৪ পিএম

দ্বিপাক্ষিক চুক্তির শর্ত পূরণ করতে রীতি অনুযায়ী ভারতকে নিজেদের পরমাণু কেন্দ্রগুলোর তালিকা পাঠিয়েছে পাকিস্তান। ভারতীয় হাই কমিশনের কর্মকর্তাদের কাছে এই তালিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাকিস্তান তালিকা দেওয়ায় ভারতকেও দিতে হবে। আজ-কাল সেটি দেওয়ার কথা।

পরমাণু কেন্দ্রে সব ধরনের হামলা ঠেকাতে ১৯৮৮ সালে চুক্তিবদ্ধ হয় দুই দেশ। সেই চুক্তি অনুযায়ী, প্রতিবছরের শুরুতে ভারত-পাকিস্তান পরস্পরকে নিজেদের পরমাণু কেন্দ্রের ব্যাপারে অবগত করে। ১৯৯২ সাল থেকে ধারাবাহিকভাবে এই প্রথা চলে আসছে। এর ফলে দু’দেশের মধ্যে কিছুটা হলেও পারস্পরিক বিশ্বাস বজায় থাকছে।

বিশ্লেষকদের মতে, এই মুহূর্তে ভারত ও পাকিস্তানের কাছে যৌথভাবে প্রায় ২১০টি পরমাণু বোমা রয়েছে।

আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘সায়েন্স অ্যাডভান্সেস’-এ প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, সামনের পাঁচ থেকে ছয় বছরে ভারত-পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ হলে ১০ কোটিরও বেশি মানুষের মৃত্যু হবে।

গবেষক নিউ ব্রান্সউইকের অ্যালান রোবক বলছেন, ‘২০২৫ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ হলে তার জেরে ক্ষয়ক্ষতিটা শুধুই যে এলাকায় বোমা পড়ল, সেখানেই সীমাবদ্ধ থাকবে না, তার খেসারত দিতে হবে গোটা বিশ্বকে।’

দুই পক্ষের মধ্যে পরমাণু যুদ্ধ হলে, ১ কোটি ৬০ লাখ থেকে ৩ কোটি ৬০ লাখ টন ওজনের ঝুল-কালিতে ঢেকে যাবে আকাশ। যা বায়ুমণ্ডলের উপরের স্তরে পৌঁছাতে সময় নেবে বড়জোর কয়েক সপ্তাহ। তার ফলে গোটা বিশ্বের বিশাল একটি অংশে সূর্যের আলো পৌঁছাবে না বিন্দুমাত্র। কারণ ওই ঝুল-কালির পুরু স্তর সূর্যের আলোর পুরোটাই শুষে নেবে। জমাট কালো মেঘের পরিমাণ বাড়বে দ্রুত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত