স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় আসলে মসজিদ মাদ্রাসা নির্মাণ করেন। আর বিএনপি-জামায়াত সেই মসজিদে বোমা মারে, জঙ্গি প্রশিক্ষণ দেয়’।
তিনি শুক্রবার বিকাল ৫টার দিকে জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটী বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন আরো বলেন, ‘শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে স্থাপনা, প্রতিষ্ঠান তৈরি করে। আর বিএনপি ক্ষমতায় আসলে তা উচ্ছেদ করে। এই আপনাদের বালিয়াটী বাজার আওয়ামী লীগ বসিয়েছিল। আর বিএনপি ২০০১ সাল এসে তা গুড়িয়ে দেয়। হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করেছি এই মানিকগঞ্জে’।
তিনি আরো বলেন, ‘জঙ্গিবাদের স্থান বাংলাদেশে হবে না। এই মাটিতে কোনো সন্ত্রাসীর জায়গা হবে না। জঙ্গিবাদকে কঠোর হাতে দমন করা হবে। তাদের একবিন্দু ছাড় দেওয়া হবে না’।
তিনি বালিয়াটী বাজার থেকে বালিয়াটী পশ্চিম চালা সড়ক সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর ছাড়াও, বালিয়াটী দাখিল মাদ্রার ৪তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, হাজিপুর–সাটুরিয়া পাকা সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ১৩ কোটি টাকা ব্যায়ে সাটুরিয়া উপজেলা মডেল মসজিদের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, বালিয়াটী ইউনিয়নের চেয়ারম্যান রুহুল আমিন।
আরো উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন মাষ্টারসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতারা।
