বেনাপোল বন্দরে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ০৫:০৮ পিএম

শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডেলিং শ্রমিকরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে। এতে বন্দরের মালামাল লোড-আনলোড বন্ধ হয়ে যায়।

শনিবার ৮৯১ ও ৯২৫ এর দুটি শ্রমিক সংগঠনের কয়েক হাজার হ্যান্ডেলিং শ্রমিক বেনাপোল স্থল বন্দরের প্রশাসনিক ভবনের সামনে দেড় কিলোমিটার এলাকাজুড়ে এই কর্মসূচি পালন করেন। ফলে সকাল থেকে বন্ধ হয়ে যায় বন্দরে মালামাল লোড-আনলোড।

এক সপ্তাহের মধ্যে শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা না হলে তারা বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।

৮৯১ বন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি কলিম উদ্দিন বলেন, দেশের ভোমরা, সোনা মসজিদ ও মোংলা বন্দরসহ অন্য স্থলবন্দরে শ্রমিকদের মজুরি ৩০টাকা ৫৩ পয়সা হলেও বেনাপোল স্থল বন্দর শ্রমিকদের মজুরি ধার্য করা হয়েছে মাত্র ২২ টাকা; সে ক্ষেত্রে সাধারণ শ্রমিকরা পাচ্ছে ১৬ টাকা।

তিনি বলেন, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেন শ্রমিকরা। অল্প মজুরিতে পরিবার পরিজন নিয়ে কষ্টে আছেন তারা।

বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এর সঙ্গে বৈঠকে বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের মজুরি ৩০ টাকা ৫৩ পয়সা দেওয়ার কথা ছিল। তবে একটি প্রতিষ্ঠানকে কম দরে ২২ টাকায় দরপত্র দেওয়া হয়। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বেনাপোল বন্দর শ্রমিকরা।

বেনাপোল বন্দরের ডাইরেক্টর মামুন হোসেন জানান, বিষয়টি সমাধানের জন্য বন্দর শ্রমিকদের সঙ্গে বৈঠক করা হবে। কোন ভাবেই বন্দরে কাজ বন্ধ করতে দেয়া হবে না।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত