কাসেম সোলেইমানির জানাজায় যোগ দিয়ে অসংখ্য মানুষ ‘আমেরিকার মৃত্যু চাই’ বলে স্লোগান দিয়েছেন।
বিবিসি জানিয়েছে, বাগদাদে শোক মিছিলে অংশ নেয়া মানুষেরা ইরাকি এবং মিলিশিয়া বাহিনীর পতাকা বহন করে স্লোগান দেন।
শহরের অনেক রাস্তায় এদিন মিছিল হয়েছে। অনেকের হাতে ছিল সোলেইমানি এবং ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবি। তার মৃত্যুতে কয়েকদিন ধরে শোক পালন করতে যাচ্ছে ইরান ও ইরাকের সমর্থকেরা।
পরবর্তীতে তার মৃতদেহ ইরানে নিয়ে যাওয়া হবে এবং নিজ শহরে দাফন করা হবে।
গত শুক্রবার ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলেইমানি নিহত হন। হামলায় ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসও নিহত হয়েছেন।
ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীর ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলায় ২৫ যোদ্ধা নিহত হওয়া এবং এর জের ধরে বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে টানা দুদিনের বিক্ষোভের পর এ হামলার ঘটনা ঘটে।
জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার কড়া প্রতিক্রিয়া জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরাকি মিলিশিয়া সংগঠনগুলোও।
