মার্কিনসহ সব বিদেশি সেনাদের ইরাক ছেড়ে যাওয়ার আহ্বান সম্বলিত একটি প্রস্তাব পাস করেছে দেশটির পার্লামেন্ট। প্রস্তাবে ইরাকি সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
ইরানি জেনারেল কাসেম সোলেইমানির হত্যাকাণ্ডের পর সোমবার ইরাকি পার্লামেন্টে এই প্রস্তাব পাস হয়।
কোনো কারণেই যেন বিদেশি সেনারা ইরাকের আকাশ, স্থল এবং জলসীমা ব্যবহার করতে না পারে সে ব্যাপারে একটি নিষেধাজ্ঞা আরোপের আহ্বানও জানানো হয় প্রস্তাবে।
অবশ্য এই প্রস্তাব বাস্তবায়নের জন্য সরকারের ওপর কোনো আইনি বাধ্যবাধকতা নেই। এ আইন বাস্তবায়ন করতে হলে আলাদাভাবে আইন প্রণয়ন করতে হবে।
বিবিসি বাংলা জানায়, ইরাকে বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় ৫,০০০ সেনা রয়েছে। কাগজে-কলমে তারা মূলত উপদেষ্টা হিসেবে কাজ করছে।
প্রস্তাবের ওপর পার্লামেন্টে বিতর্ক শুরুর আগে ইরাকের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি বলেন, যত দ্রুত সম্ভব মার্কিন সেনাদের ইরাক ছেড়ে চলে যাওয়া উচিত।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের সঙ্গে সুস্থ এবং সঠিক সম্পর্কের খাতিরে’ ইরাকে মার্কিন সামরিক উপস্থিতির ইতি ঘটানো প্রয়োজন।
শুক্রবার ভোরে মার্কিন ড্রোন হামলায় জেনারেল সোলেইমানির সঙ্গে ইরাকের একজন শীর্ষস্থানীয় শিয়া মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল মুহান্দিসও নিহত হন। এতে ইরাকের শিয়াদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ তৈরি হয়েছে।
এদিকে ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়ালিশন বাহিনী ‘অপারেশন ইনহেরেন্ট রিজলভ’ জানিয়েছে করেছে, যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং অন্যান্য দেশের সেনাদের নিরাপত্তার স্বার্থে তারা ইরাকে আইএসের বিরুদ্ধে সামরিক তৎপরতা বন্ধ করে দিচ্ছে।
