সিএএ-এনআরসি ইস্যুতে বিজেপির ডাকে সাড়া দিল না বলিউড

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ০৪:২০ পিএম

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও  নাগরিক তালিকা (এনআরসি) নিয়ে ক্ষমতাসীন বিজেপির ডাকে সাড়া দিল না বলিউড।

আনন্দবাজার পত্রিকা জানায়, ভারতজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ সামাল দিতে বলিউডের দ্বারস্থ হয়েছিল বিজেপি। কিন্তু তাতে তেমন সাড়া মেলেনি। প্রথম সারির তারকাদের কেউই উপস্থিত ছিলেন না বৈঠকে।

মুম্বাই হোটেলে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল ও বিজেপি সহসভাপতি বৈজয়ন্ত জয় পান্ডার সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন সেন্সর বোর্ডের প্রধান প্রসূন যোশী এবং কয়েকজন প্রযোজক-পরিচালক-অভিনেতা।

 শীর্ষ তারকাদের কাউকেই বৈঠকে দেখা যায়নি বরং সেই সময় হোটেলের বাইরে বিক্ষোভ করেছে বেশ কিছু সাধারণ মানুষ।

ফলে বলিউডের সমর্থন পাওয়ার বদলে ফিল্মি দুনিয়া কার্যত এই ইস্যুতে বিজেপির পাশে নেই, সেটাই আরও বেশি প্রকট হলো।

গত ১১ ডিসেম্বর নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার পর থেকেই ভারত জুড়ে তীব্র প্রতিবাদ-বিক্ষোভ চলে। আসাম, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে অগ্নিগর্ভ পরিস্থিতিতে প্রাণহানির ঘটনাও ঘটেছে।

প্রায় এক মাস পার হলেও এখনো এই ইস্যুতে ভারত জুড়ে উত্তেজনা অব্যাহত আছে। এমন পরিস্থিতিতে বলিউডকে পাশে পাওয়ার আশায় মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে তারকাদের আমন্ত্রণ জানায় বিজেপি।

রবিবার রাতে ওই বৈঠকে সেন্সর বোর্ডের প্রধান ছাড়াও বৈঠকে যোগ দিয়েছিলেন প্রযোজক রীতেশ সিধওয়ানি ও ভূষণ কুমার, পরিচালক অভিষেক কাপুর অভিনেতা রণবীর শোরের মতো তারকারা বৈঠকে যোগ দিয়েছিলেন।

হিন্দি ও মারাঠি সিনেমা এবং টিভি জগতের অন্তত ২০ জনের মতো ব্যক্তি সেখানে উপস্থিত ছিল। উপস্থিতদের মধ্যে ছিলেন কুনাল কোহলি, অনু মালিক, বিপুল শাহ, কৈলাস খের, অনিল শর্মা, শৈলেশ লোধা, শশী রঞ্জন, সুরেশ ওয়াদকার, রাহুল রাওয়াল, শানের মতো তারকারা।

এ ছাড়া ছিলেন নরেন্দ্র মোদী-অমিত শাহের রাজ্য গুজরাটি টেলিভিশন প্রযোজক-পরিচালক জমনদাস মাজেঠিয়া, দিলীপ যোশী, শৈলেশ লোঢা।

আমন্ত্রণ জানানো হয়েছিল গীতিকার জাভেদ আখতার, অভিনেতা ফারহান আখতার, পরিচালক কবির খান, রাজকুমার সন্তোষী, সিদ্ধার্থ রায় কাপুর, দিয়া মির্জা, আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাও, ভিকি কৌশলের মতো তারকাদের। কিন্তু তাদের কেউই ওই বৈঠকে যোগ দেননি।

আগে থেকেই যারা সিএএ-র বিরুদ্ধে মুখ খুলেছেন, তাদের আমন্ত্রণই জানানো হয়নি। স্বরা ভাস্কর, অনুভব সিনহা, অনুরাগ কাশ্যপ, পরিণীতি চোপড়ার মতো বলিউড তারকারা ছিলেন সেই তালিকায়।

শুধু তারকাদের অনুপস্থিতিই নয়, এই বৈঠক চলাকালীন হোটেলের বাইরে প্ল্যাকার্ড-পোস্টার হাতে সিএএ'র প্রতিবাদে শামিল হতে দেখা যায় অনেককে। তাদের বক্তব্য, ‘ফ্যানদের হতাশ করবেন না। সিএএ-এনআরসি-এনপিআর প্রত্যাহার করুন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত