ইরাক থেকে সেনা সরিয়ে নিল ক্রোয়েশিয়া। জার্মানিও তাদের সেনা সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মার্কিন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলেইমানি নিহতের ঘটনায় উত্তেজনা পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত নিল দেশ দুইটি।
আলজাজিরা জানায়, ন্যাটোভুক্ত ক্রোয়েশিয়া দেশটির ১৪ জন সেনা সদস্যকে কুয়েতে সরিয়ে নিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই খবর নিশ্চিত করেছে।
একইভাবে বাগদাদে মোতায়েন করা জার্মান সেনার এক-চতুর্থাংশ সরিয়ে নেওয়া হবে প্রথম দফায়। ইরাক থেকে তাদের কুয়েত ও জর্ডানে নিয়ে যাওয়া হবে বলে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে।
জঙ্গিগোষ্ঠী আইএস নিধনে যুক্তরাষ্ট্রসহ ন্যাটোভুক্ত পশ্চিমা দেশগুলো ইরাকে এসব সেনা পাঠিয়েছিল।
সোলেইমানি হত্যার ঘটনায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি ওঠে। এ বিষয়ে একটি প্রস্তাবও পাস হয় ইরাকি পার্লামেন্ট। এরপরই ক্রোয়েশিয়া ও জার্মানি ইরাক থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত জানাল।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বলেন, ‘ইরাক সরকার ও দেশটির পার্লামেন্ট চেয়েছিল বলেই সেখানে আমরা সেনা পাঠিয়েছিলাম। কিন্তু সেই প্রয়োজন যদি ইরাক সরকারের আর না থাকে তাহলে সেখানে আমাদের সেনা অবস্থানের আর কোনো আইনি ভিত্তি থাকে না।
আইএসবিরোধী অভিযানে ইরাকে ৪১৫ জন সেনা পাঠিয়েছিল জার্মানি। বার্লিনে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, বাগদাদ থেকে প্রথম দফায় ৩০ জন সেনাকে দেশে ফিরিয়ে নেওয়া হবে। ধাপে ধাপে বাকিদেরও প্রত্যাহার করা হবে।
