আওয়ামী লীগের মুখে কুলুপ আঁটা, বিএনপি মহাসুবিধায়: এইচ টি ইমাম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ০৫:৫০ পিএম

ঢাকার দুই সিটি নির্বাচনে আওয়ামী লীগের মুখে কুলুপ আঁটা আর বিপরীতে বিএনপি মহাসুবিধায় আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

তিনি বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের চেয়ে বিএনপি অনেক ভালো অবস্থানে আছে। আওয়ামী লীগের বেশিরভাগ সংসদ সদস্য ঢাকায় থাকলেও আচরণবিধির কারণে প্রচারে অংশ নিতে পারেন না। আওয়ামী লীগের মুখে কুলুপ আঁটা। বিপরীতে বিএনপি মহাসুবিধায় আছে। তাদের সবাই প্রচার চালাতে পারবেন।

বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধিদলের বৈঠক শেষে এইচ টি ইমাম এ কথা বলেন।

দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। ঘণ্টাব্যাপী এ বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান, নির্বাহী সদস্য রিয়াজুল কবির প্রমুখ।

বৈঠক শেষে সাংবাদিকদের এইচ টি ইমাম বলেন, দুই সিটি করপোরেশনেই এবার ইলেকট্রনিক ভোটিং যন্ত্রে (ইভিএম) ভোট নেওয়া হবে। তারা চান, নির্বাচন সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও স্বচ্ছ হোক। এ বিষয়ে আলোচনার জন্য তারা নির্বাচন কমিশনে এসেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, নির্বাচন সুষ্ঠু করতে যা যা সহায়তা দরকার, সরকার সবই দেবে।

বৈঠকে নির্বাচন কমিশনে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাৎ হোসেন, উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম, দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত