ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে বুধবার শেষ রাতে রকেট হামলা হয়েছে।
রকেট দুটি পড়ে গ্রিন জোনের যুক্তরাষ্ট্রর দূতাবাসের কাছে। তবে কেউ হতাহত হয়নি। যুক্তরাষ্ট্রের কোনো স্থাপনারও ক্ষতি হয়নি। সূত্রের বারত দিয়ে খবরটি জানায় এবিসি নিউজ।
ইরাকি প্রধানমন্ত্রীর নিরাপত্তা অফিস থেকে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, বাগদাদের ইন্টারন্যাশনাল জোনে দুটি কাতিউশার রকেট হামলা চালানো হয়েছে।
জেনারেল কাসেম সোলেইমানি হত্যার জের ধরে মঙ্গলবার রাতে ইরাকের দুটি মার্কিন বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এর একদিন পর পাওয়া গেল গ্রিন জোনের রকেটর খবর।
মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাইলস বি ক্যাগিনস এক টুইটে জানান, ‘‘৮ জানুয়ারি রাত ১১.৪৫ মিনিটে বাগদাদের ‘ইন্টারন্যাশনাল জোনে’ ছোট রকেট নিক্ষিপ্ত হয়। কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”
ইরাকের যুগ্ম সেনার কমান্ডার জানিয়েছেন, বাগদাদের গ্রিন জোনে দু'টি কাতিউশার রকেট নিক্ষেপ করা হয়েছে। ঘটনায় কেউ হতাহত হয়নি। কারা কোথা থেকে এই রকেট নিক্ষেপ করেছে তা এখনো পরিষ্কার নয়।
বাগদাদের গ্রিন জোন উচ্চ নিরাপত্তাসম্পন্ন এলাকা। এখানে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংসদ, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি প্রভাবশালী দেশের দূতাবাস রয়েছে।
