জাপায় আবার নাটক: দক্ষিণের লড়াইয়ে থাকছেন মিলন

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ০৮:৫৫ পিএম

দিনভর নাটকীয়তা শেষে ভোটের মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন।

বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন সকাল থেকে জাতীয় পার্টির  পক্ষ থেকে বলা হয়, ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে নিজের প্রার্থিতা প্রত্যাহার করবেন তিনি। সমর্থন দেবেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলে নূর তাপসকে।  এ বিষয়ে একাধিকবার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মোবাইলে নিশ্চিতও করেছিলেন মিলন এবং দলের মহাসচিব।

তবে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় বিকেল ৫টা পর্যন্ত তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেননি তিনি।

বিকেল ৫টার কিছুক্ষণ আগে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা গণমাধ্যমকে জানান, ‘বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কলাবাগানে আওয়ামী লীগের ডিএসসিসি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা আমির হোসেন আমুর সঙ্গে এক সমঝোতা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।  জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদের কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়’।

রাঙ্গা বলেন,  আওয়ামী লীগের সঙ্গে আমাদের নির্বাচনী মহাজোট রয়েছে। কিন্তু সেটা জাতীয় নির্বাচনের জন্য। স্থানীয় সরকার নির্বাচনে আমরা এককভাবেই প্রার্থী দেব। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আমাদের তেমন কথাই হয়েছে।

এ সময় জাতীয় পার্টির নেতাকর্মীদের মিলনের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জানিয়েছিলেন, এবার সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে প্রার্থী দেবে।

এরপর দক্ষিণে পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য সাঈফুদ্দিন আহমেদ মিলন এবং সাবেক সেনা কর্মকর্তা জি এম কামরুল ইসলামকে উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়ন দেয় জাতীয় পার্টি।

কিন্তু জিএম কামরুল ইসলাম ক্যান্টনমেন্ট এলাকার ভোটার হওয়ায় নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে দেয়, যা পরে আপিল করেও ফেরত পাননি তিনি।

দক্ষিণ সিটিতে সাতজন চূড়ান্ত প্রার্থী থাকছেন।

তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত ফজলে নূর তাপস, বিএনপি মনোনীত ইশরাক হোসেন, জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) বাহরানে সুলতান বাহার, গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন ও বাংলাদেশ কংগ্রেসের আকতার উজ জামান ওরফে আয়াতুল্লাহ।

শুক্রবার প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবেন প্রার্থীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত