সংবাদ সম্মেলনে অভিযোগ

গাজীপুরে সন্ত্রাসী হামলার পর অপহরণ আতঙ্কে দম্পতি

আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ০৩:২৩ এএম

গাজীপুরে এক দম্পতিকে মারধরের পর এখন ‘সন্ত্রাসীরা’ অপহরণ ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ওই দম্পতির ভাষ্য, তারা মামলা করার পরও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তারা। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগের কথা জানান ভুক্তভোগী দম্পতি ফয়েজ আহমেদ বাবু ও হোসনে আরা বেগম।

লিখিত বক্তব্যে ফয়েজ আহমেদ বাবু বলেন, ২০১৯ সালের ৩ ডিসেম্বর রাত ৮টার দিকে গাজীপুরের দেওড়া কাজীবাড়ী কাজী বাবুর সমিতির অফিসের সামনে স্থানীয় ‘সন্ত্রাসী’ মো. সাইফ এবং তার সহযোগী কাজী বাবু, জয়নাল, পাপ্পু, লিমন ও রিপনসহ ১০-১২ জন তার পথ আটকে মারধর করে। স্ত্রী হোসনে আরা বাঁচাতে এলে ‘সন্ত্রাসীরা’ তাকেও মারধর করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে ‘সন্ত্রাসীরা’ পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ওই ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে গাজীপুর সদর থানায় মামলা করা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করছে না। উল্টো মামলা প্রত্যাহার করতে প্রাণনাশের হুমকি দিচ্ছে আসামিরা। তাই বাধ্য হয়ে এখন তারা আত্মগোপনে আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত