ঢাকা দক্ষিন সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে আবারো আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।
শুক্রবার বিকালে এ-সংক্রান্ত লিখিত একটি অভিযোগ দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেন তিনি। একই সঙ্গে সব নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কাছে অভিযোগের অনুলিপি পাঠান বলে তার পক্ষ থেকে জানান হয়।
অভিযোগের চিঠিতে বলা হয়েছে, শুক্রবার প্রচার শুরুর প্রথম দিনই আওয়ামী লীগের মেয়র প্রার্থী ফজলে নূর তাপস সকাল পৌনে ১১টায় মাইক ব্যবহার করে দক্ষিণ সিটি করপোরেশনের ৭০নং ওয়ার্ড ডেমরা, আমুলিয়া মডেল টাউন, মেহেন্দীপুর বাজার, মীরবাগ থেকে নৌকা মার্কার প্রচার চালিয়েছেন। আইন অনুযায়ী দুপুর ২টা থেকে ৮টা পর্যন্ত প্রচার মাইক ব্যাবহারের কথা থাকলেও তিনি আইনের তোয়াক্কা না করে আগেই প্রচারণা চালিয়েছেন। যা সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬ এর বিধি ২১(২) ধারা সুস্পষ্ট লঙ্ঘন।
অভিযোগ বিবেচনায় নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সবার জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির অনুরোধ জানান ইশরাক হোসেন।
এর আগে গত বুধবার নির্বাচনী প্রচার শুরুর আগেই পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগানোর অভিযোগে তাপসের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন ইশরাক। তবে এ বিষয়ে এখনো প্রতিকার পাননি বলে গণমাধ্যমের কাছে বলে আসছেন তিনি।
