চট্টগ্রামে বাণিজ্যমন্ত্রী

জাহাজ নির্মাণেও দেশের সক্ষমতা বাড়ছে

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ০২:৫০ এএম

পোশাকশিল্পের পাশাপাশি জাহাজ নির্মাণশিল্পেও বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি হয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিভিন্ন ধরনের জাহাজ নির্মাণে আমাদের সক্ষমতা বাড়ছে। আমাদের দেশে তৈরি জাহাজ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে, যা বহির্বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করছে। হঠাৎ করে বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পোন্নয়ন সবার কাছে দৃশ্যমান হচ্ছে। তাই বাংলাদেশ এখন বিশ্বের কাছে বিস্ময়ে পরিণত হয়েছে। এখন আমাদের লক্ষ্য দুই অঙ্কের প্রবৃদ্ধি। গতকাল শুক্রবার চট্টগ্রামে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড নির্মিত দুটি জাহাজ ভারতের কাছে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

২০১৫ সালে ভারতের জিন্দাল স্টিল ওয়ার্কস চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপ ইয়ার্ডকে ২০০ কোটি টাকায় ৪টি জাহাজ নির্মাণের কার্যাদেশ দেয়। এর মধ্যে দুটি জাহাজ জেএসডব্লিউ রাইগড় ও জেএসডব্লিউ প্রতাপগড় ২০১৭ সালের অক্টোবরে হস্তান্তর করা হয়। অবশিষ্ট দুটি জাহাজ জেএসডব্লিউ সিংহগড় ও জেএসডব্লিউ লোহগড় গতকাল হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান পৃথিবী হচ্ছে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্র। ভারতের কাছে কোনো জিনিস বিক্রি করতে পারলে সেটা আমাদেরই লাভ। চট্টগ্রাম ও মোংলা বন্দরের উন্নয়নকাজ এগিয়ে চলছে। ভারত, ভুটান ও নেপালকে বন্দর ব্যবহার করতে দিলে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে। ইতিমধ্যে আমরা অনেক দূর এগিয়েছি, আরও এগিয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত