রোহিঙ্গা সন্ত্রাসীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে এক গ্রামমবাসী নিহত হয়েছেন।
শুক্রবার বিকেলে কক্সবাজারের উখিয়ার জামতলি ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ এক রোহিঙ্গাকে আটক করেছে।
উখিয়ার পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, শুক্রবার বিকেল ৪ টার দিকে জামতলি ক্যাম্পের রোহিঙ্গা সন্ত্রাসীরা স্থানীয় এক গ্রামবাসীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
পালংখালী ইউনিয়নের জামতলির মৃত আবু আহাম্মদের ছেলে জাকির হোসেন (৩৪) ক্যাম্পের ভেতরে ছোট দোকান করে জীবিকা নির্বাহ করে আসছিল। তার দোকান ও ঘরের চারদিকে রোহিঙ্গাদের আবাসন।
রোহিঙ্গারা তার ঘর ও দোকানের আশপাশে ময়লা আবর্জনা ফেলে আসছিল। এ নিয়ে রোহিঙ্গাদের সঙ্গে জাকিরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রোহিঙ্গা সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে জাকিরের ওপর হামলা চালায়। রোহিঙ্গারা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম অবস্থায় তাকে ফেলে যায়। কিছুক্ষণ পর খবর পেয়ে আত্মীয়স্বজনেরা এসে জাকিরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর ১ টার দিকে মারা যায় বলে নিকটাত্মীয়রা জানান।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সলিম উল্লাহ (৩০) নামের এক রোহিঙ্গাকে আটক করেছেন বলে উখিয়া থানার ওসি মো. আবুল মনসুর জানান।
