সিদ্ধিরগঞ্জে সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১২:৫৭ এএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এক নম্বর ওয়ার্ড সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায় একটি সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সড়কটি ১২ ফুট প্রশস্ত করার টেন্ডার হলেও করা হচ্ছে ড্রেনসহ আট ফুট। ব্যবহার করা হচ্ছে নিম্নমানের নির্মাণসামগ্রী।

এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে চান মিয়া নামের একজন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র বরাবর লিখিত অভিযোগ করেছেন। যার অনুলিপি দুদক চেয়ারম্যানসহ সরকারি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে দেওয়া হয়েছে। জানা গেছে, পাইনাদী নতুন মহল্লায় ফুলকলি স্কুলের দক্ষিণ পাশে বাদলের বাড়ির সমনে থেকে কুমিল্লা টাওয়ার পর্যন্ত ৪০০ ফুট দীর্ঘ এবং ১২ ফুট প্রশস্ত আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণকাজের টেন্ডার দেয় সিটি করপোরেশন। ৩৭ লাখ টাকা ব্যয়ে এ কাজের টেন্ডার পায় মেসার্স কামাল ট্রেডার্স নামক ঠিকাদারি প্রতিষ্ঠান। গত ১৩ ডিসেম্বর নির্মাণকাজের উদ্বোধন করেন ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক।

অভিযোগকারী চান মিয়া জানান, সড়কের দুই পাশের ভবন মালিকদের মতামত নিয়ে ১২ ফুট করার সিদ্ধান্ত নেয় সিটি করপোরেশন কর্র্তৃপক্ষ। কিন্তু একটি বাড়ির মালিকের প্রতি স্বজনপ্রীতি করে ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক আট ফুট করাচ্ছেন। 

ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক বলেন, সড়কটির দুপাশে অনেকগুলো বহুতল ভবন রয়েছে। এসব ভবন ভাঙা ছাড়া সড়কটি প্রশস্ত করার সুযোগ নেই। ভবন মালিকরাও ভাঙতে রাজি না। যে কারণে ঠিকাদারকে আট ফুট করার কার্যাদেশ দিয়েছে সিটি কর্র্তৃপক্ষ।

অনিয়মের অভিযোগ সঠিক নয় দাবি করে ঠিকাদার কেরামত জানান, টেন্ডারে ১২ ফুট প্রশস্ত করার কথা থাকলেও সড়কের দুই পাশের ভবন ভাঙতে মালিকরা আপত্তি করায় সিটি করপোরেশন আট ফুট করার কার্যাদেশ দিয়েছে। সে হিসেবে বিল পরিশোধ করা হবে। 

সড়কের নির্মাণকাজের বিষয়ে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন, ওয়ার্ডের দায়িত্বে থাকা সিটি করপোরেশনের প্রকৌশলী সুমন দেবনাথ। জানতে চাইলে সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ১২ ফুট সড়ক কেন আট ফুট হচ্ছে তা আমি দেখছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত