আবার হাইমচর উপজেলার চেয়ারম্যান হলেন নূর হোসেন

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০৭:৩২ পিএম

চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে আবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নূর হোসেন পাটোয়ারী। 

সোমবার রাতে হাইমচর উপজেলা পরিষদে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে বেসরকারিভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. রিপন হোসেন।

সোমবার রাতে প্রাপ্ত ভোটের ফলাফল শেষে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। এতে নৌকা প্রতীকের নূর হোসেনের প্রাপ্ত ভোট ১৬ হাজার ১ শ ৫১। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন একই দলের বিদ্রোহী প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সভাপতি আনারস প্রতীকের আব্দুল মোতালেব জমাদার। 

তিনি পেয়েছেন ১১ হাজার সাত শ ২৫ ভোট।

আর বিএনপির ধানের শীষ প্রতীকের ইসহাক খোকন পেয়েছেন চার হাজার দু শ ছয় ভোট। 

অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকের জাহাঙ্গীর হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকের শাহনাজ বেগম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কর্মকর্তা রিপন হোসেন জানান, সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ৩১টি কেন্দ্রে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৮০ হাজার ভোটারের মধ্যে প্রায় ৪০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সকাল থেকে বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশে চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সরেজমিন হাইমচর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, কনকনে শীত ও কুয়াশা উপেক্ষা করে সকাল ৮টা থেকেই ভোটাররা লাইনে দাঁড়ায় ভোটাধিকার প্রয়োগ করতে। ৯টা বাজার সঙ্গে সঙ্গে ভোটাররা একে একে ভোট কক্ষে প্রবেশ করতে থাকে। এখানে প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মাঝে ব্যপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেক ভোটারই এই পদ্ধতিতে ভোট নেওয়াকে সাধুবাদ জানিয়েছেন। তবে দুপুরের পর থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারের উপস্থিতি অনেকটাই কমে যেতে শুরু করে। নির্বাচনে বিচ্ছিন্নভাবে দু-একটি কেন্দ্রে সাময়িকভাবে কিছুটা হট্টগোলের সৃষ্টি হলেও অধিকাংশ কেন্দ্রতেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ১২টার দিকে উত্তর আলগী রশিদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এক প্রার্থীর এজেন্টকে অনিয়মের অভিযোগে আটক করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. হেলাল উদ্দিন খান জানান, প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ পাওয়া যায়নি। 

নির্বাচন অফিসের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তা রুহুল আমিন মল্লিক বলেন, আমরা ভোটারদের একটি সুষ্ঠু পরিবেশ দেওয়ার চেষ্টা করেছি। ভোটের ব্যবস্থাপনা নিয়ে আমরা অনেক আনন্দিত। কোথাও বড় ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন করতে সমর্থ হয়েছি।

নির্বাচনে সবগুলো কেন্দ্র ঝুঁকিপূর্ণ হওয়ায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়। প্রতিটি কেন্দ্রের বাইরেও পুলিশের সঙ্গে বিজিবি, র‌্যাব, কোস্টগার্ড এবং আনসার ব্যাটেলিয়ন সদস্যরা কেন্দ্রের বাইরে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত