আফগানিস্তান ও পাকিস্তানে বৈরী আবহাওয়ায় মৃত ১১০

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ১০:৩৮ পিএম

পাকিস্তান ও আফগানিস্তানে বৈরী আবহাওয়ায় সৃষ্ট তুষার ধস, বন্যা ও শৈত্যপ্রবাহে অন্তত ১১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এএফপি। ভারী তুষারপাত থেকে বাঁচতে উপদ্রুত এলাকাগুলোর বাসিন্দাদের ঘরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

উভয় দেশের কর্র্তৃপক্ষের প্রকাশিত তথ্যানুসারে, পাকিস্তানে মৃত ৭৫ ও আহত ৬৪ জন। আর আফগানিস্তানে মৃতের সংখ্যা ৩৯ জন। উভয় দেশেই অনেকে নিখোঁজ রয়েছেন। আবহাওয়া পূর্বাভাসে বলা হচ্ছে, সামনের কয়েক দিন আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হতে পারে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের অবস্থার সবচেয়ে খারাপ। ওই অঞ্চলেই ৫৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ)। কাশ্মীরের নিলুম ভ্যালির বেশ কয়েক স্থানে তুষার ধস হয়। এর মধ্যে এক স্থানেই ধসে চাপা পড়ে ১৯ জনের মৃত্যু হয়েছে।

কাশ্মীরে শীতকালে তুষার ধসের ঘটনা স্বাভাবিক। প্রায়ই রাস্তা বন্ধ হয়ে যাওয়া ছাড়াও যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু জলবায়ু পরিবর্তন বাস্তবতায় এবার তুষার ধসের পরিমাণ বেশি বলে জানায় স্থানীয় কর্র্তৃপক্ষ। কাশ্মীরের কিছু এলাকার স্কুল-কলেজ ও সরকারি দপ্তর বন্ধ করে দেওয়া হয়েছে।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। আর আফগানিস্তানে বৈরী আবহাওয়ায় মৃত ছাড়াও তিন শতাধিক বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত