জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃতির ঘটনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবিব ও জনসংযোগ কর্মকর্তার বিরুদ্ধে সংবিধান ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গতকাল বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এম কে রহমান। আইনজীবীরা জানান, যবিপ্রবির ২০১৮ সালের ডেস্ক ক্যালেন্ডারে বঙ্গবন্ধু ও ২০১৯ সালের ডেস্ক ক্যালেন্ডারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতির ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে গত বছরের জানুয়ারিতে হাইকোর্টে রিট আবেদন করেন যশোর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল।
