ঢাকা সিটির নির্বাচন পেছানোর দাবিতে কুবিতে মানববন্ধন

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ১০:০০ পিএম

সরস্বতী পূজার জন্য আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচন পেছানোর দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘৩০ জানুয়ারি ছুটির দিন। পূজার জন্য অনেক আয়োজন থাকে। সেগুলো আগের দিন থেকেই করতে হয়। কিন্তু ওইদিন নির্বাচন হলে সেটা সম্ভব হবে না। এ ছাড়া অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেই পূজার আয়োজন করা হয়। তাহলে পূজা কীভাবে অনুষ্ঠিত হবে। আমরা চাই, নির্বাচন পেছানো হোক।’

কুবি পূজা উদযাপন পরিষদের সভাপতি হিল্লোল কান্তি দাস বলেন, ‘ধর্মনিরপেক্ষতার দাবি নিয়ে দাঁড়াতে হবে এটা ভাবতেও আমার কষ্ট হচ্ছে। এই তারিখে নির্বাচন দেওয়ায় তীব্র নিন্দা জানাচ্ছি। ভবিষ্যতে এমন সিদ্ধান্ত নিলে কঠোর আন্দোলন হবে।’

শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‌‘নির্বাচন কমিশনার হঠকারী ও গর্দভ মার্কা সিদ্ধান্ত নেওয়ার জন্য শাখা ছাত্রলীগের পক্ষ থেকে ধিক্কার জানাই। নির্বাচন কমিশনে কিছু দুষ্কৃতকারী প্রবেশের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে বলেন, ‌‘নির্বাচন কমিশন ভুল করেছে। এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করছি। ছাত্রসমাজ ৩০ জানুয়ারি নির্বাচন হতে দেবে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত