বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টি২০ দল

মালিক-হাফিজ ফিরলেন আমির বাদ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ০১:২৬ এএম

বিপিএল খেলতে থাকা মোহাম্মদ আমির ও শোয়েব মালিক একই দিন ভিন্ন ভাগ্যের দেখা পেলেন। পাকিস্তানের প্রধান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ উল হক গতকাল বাংলাদেশের সঙ্গে ৩ ম্যাচের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছেন। ১৫ সদস্যের সেই দলে নেই আমির, ফিরিয়ে আনা হয়েছে শোয়েব মালিককে। ফিরেছেন আরেক বুড়ো খেলোয়াড় ‘প্রফেসর’ নামে পরিচিত সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি লাহোরে ম্যাচ তিনটি হবে।

এই দল নিয়ে বেশ জল্পনা-কল্পনা চলছিল। কিন্তু ঘোষণার পর দেখা গেল আলোচনার অনেক কিছু মেলেনি। গেল নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০তে টি-টোয়েন্টি সিরিজ হারা ১৬ সদস্যের দল থেকে ৭ জনই বাদ পড়েছেন। নেতৃত্ব দেবেন বাবর আজম। সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ সুযোগ পাননি। বাদ পড়ারা হলেন আসিফ আলি, ফখর জামান, হারিস সোহেল, ইমাম উল হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ ইরফান ও ওয়াহাব রিয়াজ।

বাদ পড়াদের মধ্যে আছেন বিপিএলে খেলা আসিফ, আমির, ইরফান ও ওয়াহাব। ওয়াহাব শুরুতে ভালো করলেও পরে একাদশে সুযোগ পাননি। আমির বিপিএলের রেকর্ড গড়া সেরা বোলিং ফিগার (৬/১৭) গড়ে খুলনা টাইগার্সকে নিয়েছেন ফাইনালে। আসরে চতুর্থ সর্বোচ্চ ১৮ উইকেট তার। বাদ পড়ে ভক্তদের উদ্দেশে আমির টুইট করেছেন, ‘ব্যাপার না। শান্ত থাকুন সবাই। আরও শক্তভাবে ফিরে আসব ইনশাল্লাহ।’

ইরফান শেষটায় এসে রাজশাহী রয়্যালসে নিয়মিত পারফর্ম করেছেন। খেলবেন ফাইনালে। টিকে গেছেন বিপিএলে ঢাকার হয়ে খেলা শাদাব খান। মালিক ৪৩৪ রান করে বিপিএলের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। আছে ৫টি উইকেটও। রাজশাহীকে ফাইনালে নিতে তার অলরাউন্ড পারফরম্যান্সের দারুণ অবদান আছে।

সোজা কথায় বাংলাদেশের বিপক্ষে তিনজনের অভিষেক হতে পারে আহসান আলি, আমাদ বাট ও হারিস রউফ। আর ফেরার তালিকার তিনজন হলেন হাফিজ, শোয়েব মালিক ও শাহিন শাহ। এমন বড় পরিবর্তন আনা প্রসঙ্গে মিসবাহ বলেছেন, ‘বাদ পড়ারা আমাদের পরিকল্পনার বাইরে চলে গেল তা নয়। আসলে আন্তর্জাতিক ক্রিকেটে তাদের ভালো না করা ও অন্যদের ঘরোয়া টি-টোয়েন্টি কাপে ভালো করার সুবাদে এই পরিবর্তন।’ এর সঙ্গে প্রধান নির্বাচক ও প্রধান কোচ মিসবাহর সতর্কবাণী, ‘আমরা আমাদের শেষ ৯ টি-টোয়েন্টির ৮টিই হেরেছি। এক নম্বর দল হিসেবে তা অগ্রহণযোগ্য। হারের বৃত্ত থেকে বেরিয়ে জয়ের অভ্যাস নিয়ে সামনের এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে যেতে হবে আমাদের। আমাদের সিদ্ধান্তে এসবের একটি বড় ভূমিকা ছিল।’ দুই বুড়ো শোয়েব মালিক ও হাফিজকে দলে ফেরানো প্রসঙ্গে তার ব্যাখ্যা, ‘কখনো বলিনি যে মালিক ও হাফিজ আমাদের পরিকল্পনার বাইরে চলে গেছে। তারা অভিজ্ঞ। দুজনে মিলে ২০০’র বেশি টি-টোয়েন্টি খেলেছে। আগেও পারফর্ম করেছে তারা। আসন্ন সিরিজেও তারা ভালো করবে বলে আশা করছি।’

অধিনায়ক বাবর আজম কোচ ও নির্বাচকের সঙ্গে সুর মিলিয়ে বলেছেন, ‘হাফিজ ও মালিককে ফিরিয়ে আনতে অনুরোধ করেছিলাম। সেই অনুরোধ রাখার জন্য নির্বাচক কমিটিকে ধন্যবাদ জানাই। আমার বিশ্বাস ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে

পাকিস্তানকে তাদের আরও অনেক কিছু দেওয়ার আছে।’

পাকিস্তান দল : বাবর আজম (অধিনায়ক), আহসান আলি, আমাদ বাট, হারিস রউফ, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মাদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, উসমান জাভেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত