ঢাকা সিটির ভোট বর্জনের হুমকি হিন্দু মহাজোটের

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ০৫:২৩ পিএম

সরস্বতী পূজার দিনে ঢাকা সিটি করপোরেশনে ভোট হলে তা বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

তারা বলছে, তফসিল অনুযায়ী ৩০ জানুয়ারিই যদি ভোটের আয়োজন হয়, তাহলে সেদিন সকাল ৮টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সরস্বতী পূজা করে রাজপথে অঞ্জলি নিয়ে কালো পতাকা মিছিল করবে তারা।

সরস্বতী পূজার দিনে ভোটের তারিখ রাখার মধ্য দিয়ে নির্বাচন কমিশন হিন্দু সম্প্রদায়ের আস্থা হারিয়েছে বলেও মন্তব্য করেছেন হিন্দু মহাজোটের নেতারা।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তে এক সংবাদ সম্মেলনে জোটের মুখপাত্র পলাশ কান্তি দে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করে বলেন, যারা একটি গোষ্ঠীকে বাদ দিয়ে নির্বাচন করতে চায়, তারা সাংবিধানিক পদে থাকতে পারে না। 

ভোটের তারিখ বদলের দাবির সঙ্গে সব রাজনৈতিক দলের প্রার্থীদের একাত্মতা প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, এই কমিশনের প্রতি আমাদের আর আস্থা নেই।

অন্যদের মধ্যে মহাজোটের সমন্বয়কারী শ্যামল কুমার রায় ও ভারপ্রাপ্ত সভাপতি প্রভাস চন্দ্র মণ্ডল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত