পুরান ঢাকার গর্ব ও ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করবেন তাপস

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ০৫:৩৩ পিএম

পুরান ঢাকার গর্ব ও ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার অঙ্গীকার জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। 

শুক্রবার নির্বাচনী প্রচারে নেমে তিনি এ ওয়াদা করেন।

বেলা সাড়ে ১১টার দিকে ফুলবাড়িয়া এলাকা থেকে শেখ ফজলে নূর তাপস নির্বাচনী প্রচার শুরু করেন। কয়েক শ নেতাকর্মী তার সঙ্গে যোগ দেন। 

ফজলে নূর তাপস বলেন, আমি হয়ত একমাত্র মেয়র প্রার্থী, যিনি ঐতিহ্যবাহী ঢাকাকে নিয়ে চিন্তা করে সুনির্দিষ্ট উন্নয়নের রূপরেখা দিয়েছি। পাঁচটি ভাগে উন্নয়নের রূপরেখা ভাগ করেছি।

তিনি বলেন, প্রথমেই হলো আমাদের ঐতিহ্যের ঢাকা। এই ঢাকাকে আমরা ভালোবাসি। আমাদের ঐতিহ্যের ঢাকা, গর্বের ঢাকা। সেই গর্ব, ঐতিহ্যকে আমরা পুনরুদ্ধার করতে চাই। ঐতিহাসিক ঢাকার সংস্কৃতি, ঐতিহ্য ও স্বকীয়তাকে আমরা পুনরুজ্জীবিত করে উন্নত ঢাকা হিসেবে গড়ে তুলব।

আওয়ামী লীগের এ প্রার্থী আরো বলেন, তিনি যে উন্নয়নের রূপরেখা দিয়েছেন, তা ঢাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছেন। 

তিনি বলেন, ৩০ জানুয়ারি নির্বাচনে মেয়র ও কাউন্সিলরদের নির্বাচিত করে জনগণ তাদের সেবক হিসেবে দায়িত্ব দেবে, এটা আমরা আশা করছি। বিজয় আমাদের সুনিশ্চিত।

দুপুরে আরমানিটোলার তারা মসজিদে জুমার নামাজ আদায় করবেন তাপস। এরপর চকবাজার, বংশাল ও কোতোয়ালি এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করবেন এই মেয়র প্রার্থী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত