ভারতের তামিলনাড়ুতে ঐতিহ্যবাহী ‘জাল্লিকাট্টু’ ষাঁড় দৌড় খেলায় ষাঁড়ের শিংয়ের গুঁতোয় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন।
দ্য হিন্দু জানায়, তামিলনাড়ুর মাদুরাইতে আয়োজিত ওই প্রতিযোগিতায় আহত হয়েছেন আরও ৩৯ জন।
নিহতদের মধ্যে দুজন ষাঁড়ের মালিক আর একজন দর্শক। আহতদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, একজন নিজের ষাঁড়ের গুঁতোয় নিহত হয়েছেন। আরেক মালিক নিজের ষাঁড় নিয়ে উৎসবে আসার সময় আরেকটি ষাঁড়ের গুঁতো নিহত হন।
এই সময় জানায়, মকর সংক্রান্তির দিন থেকে দক্ষিণ ভারতে শুরু হয় পোঙ্গল। আর সেই সঙ্গে তামিলনাড়ুর মাদুরাইতে শুরু হয় ঐতিহ্যবাহী ‘জাল্লিকাট্টু’। এ বছর দুই হাজারের বেশি ষাঁড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ১৫ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব।
এদিকে, প্রতিযোগিতার আয়োজনের ওপর নজর রাখতে সাবেক বিচারপতি সি মানিকমকে দায়িত্ব দিয়েছেন মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই প্রতিযোগিতায় আঘাত পাওয়ার ঘটনা অহরহই ঘটে। তাই ব্যবস্থা রাখা হয়েছে শতাধিক অ্যাম্বুলেন্সের। একটি ষাঁড়কে ভিড়ের মাঝে ছেড়ে দেওয়া হয়। ভিড়ের মধ্যে থেকে কেউ ষাঁড়ের পিঠে উঠে তাকে থামানোর চেষ্টা করেন। ষাঁড়ের শিংয়ে লাগানো পতাকা খোলার মধ্যেই শেষ হয় ‘জাল্লিকাট্টু’।
