ঢাকা সিটি নির্বাচনের গ্রহণযোগ্য তারিখ প্রত্যাশা কাদেরের

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ০২:০০ পিএম

ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ পরিবর্তন হলে আওয়ামী লীগ বা সরকরের কোনো আপত্তি থাকবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘একই দিনে (৩০ জানুয়ারি) সিটি নির্বাচন এবং সরস্বতী পূজা হওয়ায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশন তাদের সঙ্গে কথা বলে গ্রহণযোগ্য একটি তারিখ ঠিক করবে বলে প্রত্যাশা করছি।’

শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ঢাকা সিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি ইভিএম পদ্ধতি নিয়ে বিষোদ্‌গার করছে। অতীতে ইভিএম পদ্ধতিতে যে কোনো নির্বাচন সুষ্ঠু হয়েছে। বিএনপি প্রার্থীরা ইভিএম পদ্ধতিতে ইতোপূর্বে বেশ কয়েকটি নির্বাচনে বিজয়ীও হয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আমাদের ক্লিন ইমেজের দুই মেয়র প্রার্থীর পক্ষে যেভাবে গণজোয়ার উঠেছে, তাতে আশা করছি আমাদের প্রার্থীরা বিজয়ী হবে।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে জিতলে সুষ্ঠু আর হারলে বলে কারচুপি, এটি তাদের পুরোনো অভ্যাস। নির্বাচনের আগে বিএনপি দিবাস্বপ্ন দেখে। তারা যে কোনো নির্বাচনের আগে তাদের জনপ্রিয়তা তুঙ্গে বলে প্রচার করে। আর নির্বাচনের পরে তারা হেরে যায়। এবার সিটি নির্বাচনে তাদের দিবাস্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে।

আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল মান্নানের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেন ওবায়দুল কাদের।

সংবাদ সম্মেলনে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, সাখাওয়াত হোসেন শফিক, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত