নতুন কোচ কিকে সেতিয়েনের অধীনে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে বার্সেলোনা। নিজেদের মাঠে লা লিগার ম্যাচে গ্রানাদাকে আতিথ্য দেবে তারা।
ক্যাম্প ন্যুতে রোববার বাংলাদেশ সময় রাত ২টায় মুখোমুখি হবে দল দুটি।
গত বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদের কাছে বার্সেলোনার ৩-২ গোলে হারের পর কোচের চাকরি হারান এরনেস্তো ভালভেরদে। নতুন কোচ হিসেবে ৬১ বছর বয়সী সেতিয়েনকে বেছে নেয় কাতালান ক্লাবটি। জয় দিয়ে কোচিং ক্যারিয়ারে বার্সেলোনা পর্ব শুরু করতে মরিয়া সেতিয়েন।
শনিবার রাতে সেভিয়াকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। তাদের টপকে ফের শীর্ষে ফিরতে গ্রানাদাকে হারাতেই হবে বার্সার। উনিশ ম্যাচে কাতালান ক্লাবটির পয়েন্ট ৪০। ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে এক ম্যাচ বেশি খেলা রিয়াল।
স্প্যানিশ সুপার কাপের ম্যাচে খেলার দিন হাঁটুতে মারাত্মক চোট পেয়েছেন লুইস সুয়ারেস। হাঁটুতে অস্ত্রোপচার করাতে হয়েছে তাকে। ফলে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে হয়েছে তাকে। ফলে গ্রানাদার বিপক্ষে নেই উরুগুয়ান এই ফরোয়ার্ড। চোট কাটিয়ে উঠতে পারেননি ঊরুর চোটের কারণে অনেক দিন ধরে বাইরে থাকা উসমানে দেম্বেলে।
এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি ডাচ মিডফিল্ডার ফ্রাঙ্কি ডি জং। সুখবর হলো, কুঁচকির চোট কাটিয়ে উঠেছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার মেলো।
সুয়ারেস চোটে পড়ায় মেসির সঙ্গে শুরুর একাদশে লিওনেল মেসি ও অঁতোয়ান গ্রিজমানের সঙ্গে দেখা যেতে পারে তরুণ উইঙ্গার অনসু ফাতিকে। আর মিডফিল্ড সামলাবেন আর্টুরো ভিদাল, সের্জিও বুসকেতস ও ওভান রাকিতিচ।
