বাংলাদেশের বিপক্ষে টেস্টের জন্য সম্ভাব্য দল ঘোষণা পাকিস্তানের

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ০৩:১৭ পিএম

স্বাগতিক পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার পর ফেব্রুয়ারির শুরুর দিকে দ্বিতীয় ধাপের সফরে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত টাইগারদের বিপক্ষে ওই ম্যাচের জন্য ১৯ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পাঞ্জাবের রাওয়ালপিন্ডিতে ৭-১১ ফেব্রুয়ারি হবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। এপ্রিলে তৃতীয় দফায় পাকিস্তান সফরে যাবে তারা। ৩ এপ্রিল করাচিতে একটি ওয়ানডে খেলবে দুই দল। তারপর একই শহরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আরেকটি ম্যাচে ৫ এপ্রিল থেকে মাঠে নামবে তারা।

এখন থেকেই টেস্ট নিয়ে ভাবতে শুরু করেছে পাকিস্তান। প্রথম টেস্টের জন্য ১৯ সদস্যের সম্ভাব্য দলকে সোমবার থেকেই অনুশীলনে ডেকেছে পিসিবি।

দলের অধিনায়ক আজহার আলি। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের জন্য ঘোষিত পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াডের তিনজন ক্রিকেটার আছেন এই টেস্ট দলে। এরা হলেন- বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি। এই তিনজন টেস্ট ক্যাম্পে যোগ দেবেন টি-টোয়েন্টি সিরিজের পর ২৮ জানুয়ারি।

পাকিস্তানের এই প্রাথমিক দল থেকে চূড়ান্ত দল ঘোষণা করা হবে টি-টোয়েন্টি সিরিজের পরে।

পাকিস্তানের সম্ভাব্য টেস্ট দল: আজহার আলী (অধিনায়ক), আবিদ আলী, আসাদ শফিক, বাবর আজম, বিলাল আসিফ, ফাওয়াদ আলম, ফাহিম আশরাফ, হারিস সোহেল, ইমাম-উল-হক, ইমরান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, নাসিম শাহ, শাহিন শাহ আফিরদি, শান মাসুদ, ইয়াসির শাহ, উসমান শিনওয়ারি।

উল্লেখ্য, প্রথম দফার সফরে আগামী ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি লাহোরে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি। একই ভেন্যুতে ২৫ ও ২৭ জানুয়ারি হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। তিনটি ম্যাচই হবে রাতে। শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত