বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল বেশি করায় চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ আল মাহফুজ। গতকাল মঙ্গলবার দুপুরে ডিআইজি খন্দকার গোলাম ফারুকের হাত থেকে তিনি শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ডিসেম্বর মাসে ওসি আবদুল্লাহ আল মাহফুজের নেতৃত্বে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ ওয়ারেন্ট তামিল করা হয়েছে। মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলসহ সার্বিক দিক বিবেচনায় মঙ্গলবার মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষণা করা হয়।
রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় আবদুল্লাহ আল মাহফুজকে সামাজিক যোগাযোগমাধ্যমে সেবাগ্রহীতাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অভিনন্দন জানিয়েছেন।
