ফুলবাড়ীতে পুকুরের পাহারাদারকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ০৩:২৮ পিএম

দিনাজপুরের ফুলবাড়ীতে একটি পুকুরের পাহারাদার বাদশা মিয়াকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার শাহবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাদশা মিয়া উপজেলার বেতদিঘী ইউপি’র শাহাপুর গ্রামের মৃত আব্দুল সামাদের ছেলে। তিনি তামিম এগ্রো কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানের পুকুর পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশীস বিন হাছান জানান, সকালে গ্রামের মোরশেদা নামের এক নারী ক্ষত-বিক্ষত অবস্থায় বাদশা মিয়াকে পুকুরের পাশে পড়ে থাকতে দেখে চিৎকার দেন।

পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। বাদশা মিয়ার মাথা, ঘাড় এবং হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, বাদশা মিয়াকে কি কারণে হত্যা করা হয়েছে তা তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত