নীলফামারীর সৈয়দপুরে নববিবাহিত এক যুবকের পুরুষাঙ্গ আংশিক কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে তার বাড়ির পাশ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
আক্রান্ত যুবক ময়মনসিংহ ক্যাডেট কলেজে জুনিয়র কেয়ারটেকার হিসেবে কর্মরত বলে জানা গেছে।
যুবকের স্বজনরা জানায়, গত মঙ্গলবার রাতে সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নের ধলাগাছ এলাকার ওই যুবকের সঙ্গে একই এলাকার আইসঢাল এলাকার এক মেয়ের বিয়ে হয়।
বুধবার গভীর রাতে বাড়ির মাত্র পাঁচশত গজ দুরে একটি নির্জন স্থানে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে কি কারণে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায় নি।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত বলেন, ‘এখন পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
