বঙ্গবন্ধুর নাম কেউ কখনো মুছে ফেলতে পারবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আজকে যে প্রবৃদ্ধি অর্জন করেছি অর্থনৈতিকভাবে এবং সেই সব অর্জনের সুফল একেবারে তৃণমূল পর্যায়ের গ্রামের মানুষ যেন পায় সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি’।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে চলতে হবে। আমরা জাতির পিতার ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব এটাই আমাদের লক্ষ্য’।
শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ার বাসভবনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভায় সভাপতির বক্তব্যে এসব বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের ভাগ্য পরিবর্তন করাটাই আমাদের মূল লক্ষ্য। আমরা সে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি এবং এই লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ কাজ করে যাবে। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য’।
তিনি বলেন, ‘আমরা মনে করি আজকে আমরা যে প্রবৃদ্ধি অর্জন করেছি, অর্থনৈতিকভাবে যে শক্ত অবস্থানে আছি। আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। আমাদের সব অর্জন তৃণমূল মানুষ যেন পায়, গ্রামের মানুষ যেন পায়। সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি’।
সভা শেষে প্রধানমন্ত্রী বিকেল পৌনে ৪টায় টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
