ইরাকে যুক্তরাষ্ট্রের সেনাদের উপস্থিতির বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করছে জনগণ। গতকাল শুক্রবার দেশটির প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা মুক্তাদা আল সদরের আহ্বানে রাজধানী বাগদাদে কয়েক লাখ মানুষ জড়ো হয় যুক্তরাষ্ট্রের বিরোধিতা করতে।
শুক্রবার দুপুরের আগ থেকেই বাগদাদের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভে যোগ দিতে থাকেন ইরাকিরা। রাজধানীর বাইরের বিভিন্ন প্রদেশ থেকেও এই কর্মসূচিতে যোগ দিতে থাকেন শিয়া, সুন্নি, কুর্দি ও আরব নির্বিশেষে সব গোত্র-সম্প্রদায়ের ইরাকিরা। দুপুর নাগাদ বাগদাদে জড়ো হয় লাখ লাখ মানুষ।
বিক্ষোভে স্লোগান ওঠে, ‘আমেরিকা নিপাত যাক, ইসরায়েল নিপাত যাক’, ‘ইরাক থেকে বের হয়ে যাও আমেরিকান সেনারা’।
ইরানপন্থি সদর ইরাকে যুক্তরাষ্ট্রের সেনার অব্যাহতি চেয়ে দাবি জানিয়ে আসছেন। তার আহ্বানে সাড়া দিয়ে শ্রুবকার আল হুরিয়া চত্বর ও প্রধান বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হতে থাকে অনেকে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মী বলেন, ‘আমরা চাই তারা সবাই চলে যাক। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আমাদের দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদরা।’
বিক্ষোভে সবার হাতে লাল, সাদা ও কালো কাপড় ছিল। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনবরত স্লোগান দিচ্ছিল তারা। বাগদাদের মূলপথ ও গ্রিন জোনে নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন।
কর্মসংস্থানের সংকট, নিম্নমানের সরকারি পরিষেবা এবং দুর্নীতির অভিযোগ তুলে গত বছর সেপ্টেম্বর থেকে বাগদাদের রাজপথে নামে কয়েক হাজার বিক্ষোভকারী। ডিসেম্বরের শুরু পর্যন্ত এ বিক্ষোভে নিহত হয় সাড়ে চারশোরও বেশি মানুষ।
