বৃত্তি প্রদান অনুষ্ঠানে মেয়র জাহাঙ্গীর

গাজীপুর নগরীর শতভাগ শিক্ষার্থীকে বৃত্তির আওতায় আনা হবে

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ০২:৪২ এএম

গাজীপুর মহানগরীর শিক্ষার্থীদের জন্য ১০০ কোটি টাকার শিক্ষাবৃত্তি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, ‘নগরীর শতভাগ শিক্ষার্থীকে বৃত্তির আওতায় আনা এবং তাদের উচ্চতর শিক্ষালাভের জন্য বিদেশে পাঠাতে আর্থিক সহায়তা দেওয়া হবে।’ গতকাল শুক্রবার গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি মাঠে জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশন আয়োজিত উচ্চতর শিক্ষাবৃত্তি-২০২০ অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে এসব কথা বলেন মেয়র জাহাঙ্গীর।

তিনি আরও বলেন, ‘আমার আয়ের ৮০ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা হবে। এ বছর চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ ১০টি দেশে ২৬০ জন শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য পাঠাচ্ছি। এরপর আরও ১০০ শিক্ষার্থীকে বিদেশে পাঠানো হবে। এ ছাড়া স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজপড়–য়া প্রায় ৫ হাজার শিক্ষার্থীকে চলতি বছর বৃত্তি দেওয়া হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

মেয়র জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গিয়াস উদ্দিন মিয়া প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত